দেড় বছর পর প্রকাশ্যে পপি, কেঁদে কেঁদে ভোট চাইলেন(ভিডিও)

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৪:০২ পিএম

প্রায় দেড় বছর ধরে পপির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। গুঞ্জন ছিলো, বিয়ে করে সংসারী হয়েছেন ঢাকাই সিনেমার দাপুটে এই নায়িকা। সম্প্রতি তার মা হওয়ার খবরও গণমাধ্যমে আসে।

অবশেষে বুধবার দুপুরে প্রকাশ্যে আসলেন পপি। সাড়ে ৫ মিনিটের একটি ভিডিও বার্তায় তাকে আসন্ন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায়।

পপি বলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই না’।

পপি বলেন, ‘দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সাথে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরবো’।

ভিডিও বার্তায় পপি বিগত দুই মেয়াদে ক্ষমতায় থাকা শিল্পী সমিতির ক্ষমতাসীন একজনকে ইঙ্গিত করে কিছু অভিযোগের কথাও তুলে ধরেন। যদিও তিনি সরাসরি তার নাম নেননি।

অভিযোগ করে পপি বলেন, ‘বর্তমান শিল্পী সমিতির একটি মাত্র লোকের কারণে, তার পলিটিক্স এবং তার অনেক রকম অসহযোগিতার কারণে আমাকে বার বার অপমানিত হতে হয়েছে। শুধু আমি না, আমার মতো রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, নিপুণও অপমানিত হয়েছেন। আমাদেরকে ব্যবহার করে যে এই চেয়ারটিতে বসেছে- সেখানে বসেই বিভিন্ন রকমের অপকর্মের চেষ্টা করেছে। কিন্তু আমরা গুটি কয়েক তাতে সাঁয় দিইনি। যার কারণে আজকে আমি ভিক্টিম। আমার মতো শিল্পীকে সদস্য পদ বাতিলের জন্য চিঠি দেয়া হয়েছে। এতো বছর কাজ করার পর এমন আচরণ, একটা শিল্পীর জন্য কতোটুকু অপমানের- সেটা আমি বুঝতে পারি। বাদ পড়া ১৮৪ জন শিল্পীও এই কষ্টটা বুঝতে পারবে’।

পপি জানান, ‘এসব কারণে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার কাছে সদস্য পদ বাতিলের চিঠিটা এখনও আছে। ওই চিঠিটা যখনই পেয়েছি, তখনই সিদ্ধান্ত নিয়েছি- এই নোংরামির মধ্যে আর আমি যাবো না। ভেবেছি, কখনো যদি পরিবেশ ভালো হয়- তখনই চলচ্চিত্রে ফিরবো’।

ভিডিওর শেষে হাত জোর করে পপি চলচ্চিত্র শিল্পীদের উদ্দেশে বলেন, ‘আমরা যে ভুলটা করেছি, দয়া করে আপনারা সেই ভুলটা করবেন না। চলচ্চিত্র বাঁচলেই আমরা বাঁচবো। আমরা পরিবর্তন চাই, কাজ চাই। সেজন্য আমার কাছে মনে হয়েছে, আমাদের পরীক্ষিত সৈনিক কাঞ্চন ভাই, নিপুণ, রিয়াজদের একটা সুযোগ দেয়া উচিত। ভালো কাজের জন্য। তারা অন্তত শিল্পীদের অসম্মান করবে না, সঠিক মূল্যায়ন করবে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত