বান্দরবানের লামা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ২ আরোহী।
বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বামহাতির ছড়া এলাকার নাছির উদ্দিনের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সেলিম বামহাতির ছড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যবসায়ী সেলিম মোটরসাইকেলযোগে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠতেই দ্রুতগতিতে ছেড়ে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেলিমসহ অপর মোটরসাইকেল আরোহী মো. ফরিদুল আলম ও মাইনুদ্দিন আহত হন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক ব্যবসায়ী মো. সেলিমকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় পশ্চিম বামহাতির ছড়া দারুল কোরআন মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার যোহরের নামাজের পর নিহত সেলিমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে জানা গেছে।
লামা থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
