গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে সন্ধ্যা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৪:০৫ পিএম

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার শিল্পীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তার মেয়ের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হাসপাতালের তরফে চিকিৎসার সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। অসুস্থ শিল্পীকে দেখতে হাসপাতালে দেখতে যেতে পারেন মমতা নিজে।

শিল্পীর জামাতা জানান, সন্ধ্যার ফুসফুসে সংক্রমণ রয়েছে। শ্বাসকষ্ট রয়েছে এবং সামান্য জ্বরও রয়েছে। বুধবার রাত থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাদের পারিবারিক চিকিৎসক হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। সেই মতোই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিল্পীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শিল্পীর কভিড হয়েছে কি না, তা জানান জন্য তার আরটিপিসিআর পরীক্ষাও করানো হয়েছে। তবে এখনো রিপোর্ট আসেনি।

সন্ধ্যার চিকিৎসায় ইতিমধ্যেই দ্রুত মেডিকেল বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা করতে শুরু করেছেন। তবে শিল্পীর জ্ঞান রয়েছে।

এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের খেতাব ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করে আলোচনায় আসেন সন্ধ্যা মুখোপাধ্যায়। পরদিন তার শারীরিক অবস্থার অবনতি হয়। পারিবারিক সূত্রের খবর, তিনি বাড়িতে একবার পড়েও গিয়েছিলেন।

বুধবার সন্ধ্যায় প্রবীণ গায়িকার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা। ওই সময় শিল্পীকে কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত বলে মনে হয়েছিল তার। এর পর শিল্পীর মেয়ে সৌমী সেনগুপ্তকে ফোন করে খবরাখবর নেন মমতা। পাশাপাশিই জানিয়ে দেন, তার চিকিৎসাসংক্রান্ত যে কোনো প্রয়োজনে রাজ্য সরকার সাহায্য করবে। তার মধ্যেই বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা। এর পর সরকারি ব্যবস্থাপনায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে হাসপাতালে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত