বরিশালের একটি মাদক নিরাময় কেন্দ্রে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে পেরে যুবকের স্বজনরা গত বুধবার রাতে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোডের ‘সেইভ দ্য লাইফ’ নামে ওই মাদক নিরাময় কেন্দ্র এবং এর মালিক মোস্তাফিজুর রহমান সুমনের মালিকানাধীন একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
নির্যাতনের শিকার মো. সোহেল বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাকে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেলের স্ত্রী মরিয়ম জেবু জানান, তার স্বামীকে নির্যাতনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা করবেন।
অবশ্য সোহেলের ওপর কোনো নির্যাতন হয়নি দাবি করে সেইভ দ্য লাইফের মালিক শাখায়াত হোসেন মিঠু দেশ রূপান্তরকে বলেন, ‘মাদকাসক্ত সোহেলকে কোনো নির্যাতন করা হয়নি। বুধবার সন্ধ্যার পর স্বজনরা এসে তাকে বাসায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ২০-৩০ যুবক আকস্মিক আমার দুটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে আমাদের পাঁচ কর্মী আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়।’
কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম রেজা বলেন, সেইভ দ্য লাইফ মাদক নিরাময় কেন্দ্রে মাদকাসক্ত যুবককে নির্যাতনের অভিযোগে তার স্বজনরা দুটি প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে খবর আসে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
