পারিবারিক চ্যানেল দুরন্ত টিভির ১৮তম শুরু হচ্ছে রবিবার। এই মৌসুমে নিয়মিত আয়োজনের সঙ্গে ৩টি নতুন অনুষ্ঠান ও ২টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হচ্ছে।
নতুন অনুষ্ঠানের মধ্যে থাকছে ‘নাচের ইশকুল’ (দ্বিতীয় মৌসুম), ‘চল যাই যাই যাই...’ (তৃতীয় মৌসুম) ও ‘স্বর্ণ শেফ’। সঙ্গে আছে নতুন কার্টুন সিরিজ ‘ব্লেজ অ্যান্ড দ্য মনস্টার মেশিনস্’ ও ‘বাবল গাপিস’।
ঘরে বসে নাচ শেখার অনুষ্ঠান ‘নাচের ইশকুল’-এ অংশ নিয়েছে নয়টি নাচের দল এবং নয়জন নাচের শিল্পী। প্রচার হবে রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা, দুপুর দেড়টা ও রাত ৯টায়। প্রতি সপ্তাহে একটি নাচের দল একটি বিষয় শিখবে। প্রতিটি বিষয় শেখানো শুরু করবেন বিখ্যাত নৃত্যশিল্পী লুবনা মারিয়াম।
দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে ‘চল যাই যাই যাই...’-এর তৃতীয় মৌসুম শুরু হবে ৪ ফেব্রুয়ারি। প্রতি পর্বে মা-বাবা ও সন্তানসহ একটি পরিবার দেশের ভেতরের কোন একটি সুন্দর জায়গায় বেড়াতে যায়। তাদের ভ্রমণের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী করা হয়। শিশুরা যেখানেই যায়, তাদের রয়েছে রাজ্যের প্রশ্ন। মা-বাবা সেই প্রশ্নগুলোর উত্তর দেন, সঙ্গে সঙ্গে দর্শকরাও জেনে যান ওই স্থান বা উৎসব সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি বিষয়াদি। ইমরান কবীর লিখন পরিচালিত অনুষ্ঠানটি প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টায় ও সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে।
রান্না করছে কিশোর-কিশোরীরা। সেই রান্নায় স্বাদের পাশাপাশি তাদের পুষ্টিকর খাবার তৈরিতে উৎসাহিত করার উপায় কী? কী সেই রান্না যাতে স্বাদ ও পুষ্টি দুটোই থাকে? এমনই সব প্রশ্নের উত্তর নিয়ে কিশোর-কিশোরীদের রান্নার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘স্বর্ণ শেফ’। আজরা মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে থাকবেন বারডেম হাসপাতালের পুষ্টিবিদ শামসুন্নাহার মহুয়া এবং দ্য ওয়েস্টিনের শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানটি ৪ ফেব্রুয়ারি থেকে শুক্রবার রাত সাড়ে ৮টা ও শনিবার দুপুর ১টায় প্রচারিত হবে।
গাড়ির দুনিয়ার গল্প ‘ব্লেজ অ্যান্ড দ্য মনস্টার মেশিনস্’। ব্লেজ নিজেও একটি গাড়ি। তার একজন চালক আছে যার নাম এজে। সে তার বন্ধু। তারা দুজনে দ্রুতগতিতে ছুটতে ছুটতে চলে আসে শহরে। এরপরের মজার গল্প এ সিরিজ। প্রচার হবে ৩০ জানুয়ারি থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর দেড়টা ও সন্ধ্যা ৭টায়।
মলি, গিল, গবি, ডীমা, উনা, ননি— ছয়টি গাপিস মাছের লেজওয়ালা শিশুদের নিয়ে ‘বাবল গাপিস’ কার্টুন সিরিজের গল্প। প্রচার হবে ৩০ জানুয়ারি থেকে রবি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা, দুপুর ২টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়।
