রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে আর মাত্র এক ধাপ দূরে রাফায়েল নাদাল। ইতালির মাত্তেও বেরাত্তিনির বিপক্ষে দাপুটে শুরুর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন এই স্পেনিয়ার্ড।
সেমিফাইনালে জিততে ঘাম ঝরাতে হয়েছে নাদালকে। সপ্তম বাছাই বেরাত্তিনির বিপক্ষে ৬-৩, ৬-২, ৩-৬ ও ৬-৩ গেমে জেতেন ৩৫ বছর বয়সী তারকা।
অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলে দীর্ঘদিনের দুই প্রতিপক্ষ রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক হবেন নাদাল। পুরুষ এককে এই তিন তারকার ঝুলিতে রয়েছে সমান ২০ গ্র্যান্ড স্ল্যাম।
নাদাল নিজের একমাত্র অস্ট্রেলিয়ান ওপেন জেতেন ২০০৯ সালে। মেলবোর্নে রবিবারের ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন ডেনিল মেদভেদেভ বা স্তেফানোস সিৎসিফাসকে।
এ নিয়ে ২৯তম গ্র্যান্ড স্ল্যামে ফাইনাল নিশ্চিত করলেন নাদাল। কয়েক মাসের চোট থেকে ফিরেই মেলবোর্নের ফাইনাল টিকিট কাটলেন তিনি। তবে চোটের কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াইয়ে নেই ফেদেরার। আর ভিসা জটিলতায় মেলবোর্ন থেকে ফিরতে হয়েছে জকোভিচকে।
