খাগড়াছড়ির পানছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১টার দিকে পানছড়ির কলেজগেট এলাকার রাবার ড্যামের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো পানছড়ির ছোট ধনপাড়ার পূর্ণ চাকমার ছেলে পিবির চাকমা (২) ও মেয়ে প্রজ্ঞা চাকমা (১২) এবং স্বপন চাকমার মেয়ে ঝরঝরি চাকমা (১২)।
স্বজনরা জানান, দুপুরে চেঙ্গী নদীর রাবার ড্যামের পানিতে পড়ে যায় পিবির চাকমা।
তাকে উদ্ধার করতে গিয়ে বাকি দুজন ডুবে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আকতারুজ্জামান চৌধুরী জানান, হাসপাতালে আনার আগে শিশুদের মৃত্যু হয়েছে।
পানছড়ি থানার ওসি আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
