ভারতের ব্যাটিং অর্ডারের তিন স্তম্ভ বিরাট কোহলি, রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট পাওয়া যে কোনো বোলারের জন্য স্বপ্নের। তবে সে জায়গায় শাহীন আফ্রিদি বেশ উচ্চাকাঙ্ক্ষী।
এই তিন ভারতীয়কে দিয়ে স্বপ্নের হ্যাটট্রিক করতে চান পাকিস্তানি পেসার। সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোর ২৫ প্রশ্নের জবাবের এক অনুষ্ঠানের এমনটাই জানান শাহীন।
‘আপনার স্বপ্নের হ্যাটট্রিক?’ এমন প্রশ্নের জবাবে ২১ বছর বয়সী পেসারের ঝটপট উত্তর, ‘রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি।’
শাহীন আরও জানান, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বোলিং ছিল তার জন্য বিশেষ পারফরম্যান্স। সেই ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
তার দুর্দান্ত বোলিং ও দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে ম্যাচটি ১০ উইকেটে জেতে পাকিস্তান। যা বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে তাদের প্রথম জয়।
পাকিস্তানের হয়ে শাহীন ২১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন।
