নারায়ণগঞ্জে স্পট রেজিস্ট্রেশন করে তাৎক্ষণিক সেখানেই করোনা টিকা দিচ্ছেন রিকশাচালক, দিনমজুর, হকার ও ভাসমান শ্রেণির মানুষ। জেলায় গতকাল শনিবার শুরু হওয়া ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। যোগদানের পর জেলা প্রশাসকের প্রথম অনুষ্ঠানে অতিথি হয়েছেন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভী।
গতকাল শনিবার সকাল ১০টায় নগরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গণে দেখা যায়, শত শত রিকশাচালক রিকশা রেখে টিকা নেন। এ ছাড়া টিকা নিয়েছেন দিনমজুর, ভ্যানচালক, হকারসহ ভাসমান মানুষও।
