বাধা দিতে পারল না ১৭ সংগঠন, আন্দোলন শুরুর আগেই এফডিসিতে এমডির প্রবেশ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১২:৫৯ পিএম

২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে না দেওয়ায় আন্দোলনের ডাক দিয়েছে তারা। সেই আন্দোলনের অংশ হিসেবে আজ সকালে এফডিসির গেট অবরোধ করে মানব বন্ধন করার কথা ছিল ১৭ সংগঠনের। উদ্দেশ্য এফডিসির এমডি যেন সকালে এফডিসিতে প্রবেশ করতে না পারে। কিন্তু মানব বন্ধন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেন এমডি নুজহাত ইয়াসমীন। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে আন্দোলনকারীদের মাঝে।

গতকাল ২৯ জানুয়ারি ১৭ সংগঠনের নেতারা এফডিসির এমডির অপসারণসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন করার ঘোষণা দেয়। এফডিসিতে প্রবেশ করতে না দেয়ার বিষয়টি অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন।

আজ সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান করবেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা। প্রয়োজনে তাদের লাশের ওপর দিয়ে যেতে হবে এমডিকে—এমনটাই বলেছিলেন আন্দোলনকারীরা। কিন্তু আজ আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেন এমডি৷

পরবর্তী কর্মসূচি কী হতে যাচ্ছে, জানতে চাইলে পরিচালক নেতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমরা শুনেছি এফডিসির এমডি গতকাল রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি; অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি।’

এদিকে এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘এমডি মহোদয় রোজকার মতো আজও সঠিক সময়ে অফিসে এসেছেন।’

১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে এমডিকে অবরুদ্ধ করে রাখার কর্মসূচিও আসতে পারে। এদিকে এফডিসির এমডির অপসারণসহ আরও দুই দফা দাবি রয়েছে ১৭ সংগঠনের। সেগুলো হলো—শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা, শিল্পী সমিতির নির্বাচন আর কখনো এফডিসিতে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত