স্ত্রীর সঙ্গে কলহের জেরে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১১:৫০ পিএম

খুলনায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে মিজানুর রহমান সবুজ (৩৪) নামে এক যুবককে শ^শুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার রাতে নগরীর মিয়াপাড়া পাইপের মোড়ের নতুন রাস্তার গলির একটি বাড়ির সামনে এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় নিহত সবুজের মা হোসনে আরা গতকাল রবিবার সবুজের শ^শুর, শাশুড়ি, স্ত্রী ও শ্যালকসহ ছয়জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা করেন। আসামিদের মধ্যে পুলিশ নিহতের শাশুড়ি নাসিমা বেগম ও স্ত্রী রেশমা আক্তারকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সবুজ চার বছর আগে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে রেশমাকে পারিবারিকভাবে বিয়ে করেন। গত শনিবার বেলা ১১টার দিকে সবুজের সঙ্গে স্ত্রীর ঝগড়া ও হাতাহাতি হয়। পরে সবুজ কাজের উদ্দেশ্যে বাইরে চলে যান। রাত সাড়ে ৯টার দিকে তিনি মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে শ্বশুরবাড়ির লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা হোসনে আরা বলেন, ‘আমার ছেলেকে তার স্ত্রী ও শ^শুরবাড়ির লোকজনের হাতে নির্মমভাবে মরতে হলো। আমি এ হত্যার বিচার চাই।’

খুলনা সদর থানার ওসি হাসান আল-মামুন বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত