রাজধানীর ব্যস্ততম রুট গাজীপুর-সায়দাবাদ। এই রুটেরই পরিচিত বাস ‘বলাকা’। তবে এ পরিবহনের একটি বাস ব্যতিক্রম। হাফেজ ছাত্রদের জন্য এই বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা রয়েছে। যদিও আজ পর্যন্ত কোনো হাফেজ ছাত্র ভাড়া ছাড়া ভ্রমণ করেননি বলে জানা যায়।
ওই বাসে ভ্রমণ করে নিজের অভিজ্ঞতার কথা জানান দেশ রূপান্তরের সহ-সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ।
তিনি বলেন, সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে ওই বাসে উঠি। সোয়া ১টার দিকে ছবিটি বলাকা বাস থেকে তোলা। বলাকা বাস সায়েদাবাদ থেকে গাজীপুর পর্যন্ত চলাচল করে।
বাসের গায়ে দেখতে পাই ‘হাফেজ ছাত্রদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’। এমন লেখা দেখে চালককে জিজ্ঞেস করলে তিনি জানান, এ বাসের মালিক তিনি নিজে। ওয়াজে হাফেজে কোরআনের মর্যাদার কথা শুনে তিনি এমন সিদ্ধান্ত নেন। কিন্তু এখন পর্যন্ত কোনো ছাত্র বা হাফেজকে বিনামূল্যে বহন করতে পারেননি।
এনায়েতুল্লাহ জানান, কথায় কথায় বাসের সহকারী আরেকটি মজার তথ্য জানান। মাঝে-মধ্যেই নাকি দু-একজন যাত্রী তাদের প্রস্তাব দিয়ে বলেন আপনি আজ যে কয়জন হাফেজে কোরআন কিংবা হাফেজ ছাত্রকে বিনামূল্যে বহন করেছেন, আমরা সেই ভাড়া দিয়ে দিই।
এনায়েতুল্লাহ বলেন, মহাখালী থেকে বাসে উঠে ঠে মগবাজার ওয়ারল্যাস গেটে নামতে নামতে আর বেশি কথা বলা সম্ভব হয়নি। আমি ভাড়া দিয়ে এটা লেখা দেখে (এমনি এমনি) বলি, আমি হাফেজ। কন্টাক্টর সঙ্গে সঙ্গে ভাড়া ফেরত দিতে চান। তবে আমি ভাড়া পরিশোধ করেই নামি।
সম্প্রতি গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করতে হয়েছে। এ নিয়ে অনেক বাদানুবাদ হয়েছে। পরিবহন মালিকরা শুরুতেই শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া রাজি হননি। পরে সরকারের অনুরোধে তারা রাজি হলেও ছুটির দিনগুলোতে হাফ ভাড়া অকার্যর থাকে।
মুফতি এনায়েতুল্লাহ বলেন, ফেসবুকে এ-সংক্রান্ত ছবি ও তথ্য শেয়ার করলে অনেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
