ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৯ এএম

ইউনিসেফের অষ্টম নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্যাথরিন এম রাসেল। তিনি সাবেক নির্বাহী পরিচালক হেনরিয়েটা এইচ ফোরের স্থলাভিষিক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, ইউনিসেফের নির্বাহী পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি মার্কিন প্রেসিডেন্টের সহকারী এবং হোয়াইট হাউস অফিস অব প্রেসিডেন্সিয়াল পার্সোনেলের পরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। এ ছাড়া ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে গ্লোবাল উইমেনস ইস্যুর জন্য অ্যাম্বাসাডর-এট-লার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদে থাকাকালে তিনি মার্কিন পররাষ্ট্রনীতির বিভিন্ন ক্ষেত্রে নারীর বিষয়গুলোকে সম্পৃক্ত করেন।

ক্যাথরিন রাসেল ৪৫টিরও বেশি দেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন এবং বিদেশি সরকার, বহুপক্ষীয় সংস্থা ও নাগরিক সমাজের সঙ্গে কাজ করেন। তিনি যুগান্তকারী ‘কিশোরী মেয়েদের ক্ষমতায়নে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশল’-এর মূল কারিগর।

রাসেল যুক্তরাষ্ট্র সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির আন্তর্জাতিক নারীবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, বিচার বিভাগের সহযোগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সিনেটের জুডিশিয়ারি কমিটিতে স্টাফ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হার্ভার্ড কেনেডি স্কুলে ইনস্টিটিউট অব পলিটিক্সে ফেলো হিসেবে শিক্ষকতাও করেন। এ ছাড়াও উইমেন ফরেন পলিসি গ্রুপের বোর্ডের যুগ্ম চেয়ার, উইমেন ফর উইমেন ইন্টারন্যাশনালের বোর্ড সদস্য, সিসিম স্ট্রিট উপদেষ্টা বোর্ডের সদস্য, কেআইভিএ উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং থমসন রয়টার্স ফাউন্ডেশনের ট্রাস্ট উইমেন উদ্যোগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বোস্টন কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক এবং জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ল’স্কুল থেকে জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন রাসেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত