ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল), রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা আলোচনায় অংশ নেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ উপস্থিত ছিলেন।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন ভূমি রেকর্ড ডিজিটাইজড করায় মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে পাওয়ার অব অ্যাটর্নির বিষয়ে বাস্তব অবস্থা বিবেচনায় রেখে বিদ্যমান আইন বহাল রাখার যুক্তি তুলে ধরেন তিনি।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভবন নির্মাণের অংশীদারিত্বের ভিত্তিতে পাওয়ার অব অ্যাটর্নি চলমান রাখার বিষয়ে সহমত পোষণ করেন এবং স্টেক হোল্ডার হিসেবে রিহ্যাবের বিভিন্ন অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে পাওয়ার অব অ্যাটর্নির বিষয়ে রিহ্যাবের সুপারিশগুলোকে মন্ত্রণালয়ে লিখিত আকারে জমা দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ব্রিটিশ আমলের অনেক আইন সংশোধন করে নতুন নতুন সিস্টেম ডেভেলপ করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এজন্য সবাইকে নতুন আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানাই।
