বিনামূল্যের বই ভাঙ্গারি দোকানে বেচতেন শিক্ষক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৬ এএম

রাজধানীর পল্লবীর ‘শিশু শিক্ষা প্রাথমিক বিদ্যালয়ের’ একজন শিক্ষিকা শিক্ষার্থীদের জন্য আসা সরকারি বিনামূল্যের বই নিয়ে যেতেন নিজের বাসায়। পরে পরিচিত ভাঙ্গারি দোকানিকে বাসায় ডেকে নিয়ে কেজি দরে বিক্রি করতেন। পঞ্চমবার বিক্রির পর গতকাল মঙ্গলবার ধরা পড়েন কিসমত আরা পলি (৪০) নামের এই শিক্ষিকা। বস্তাভর্তি বইসহ থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করেন স্থানীয় লোকজন। 

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার রোমান বলেন, গতকাল সকাল ১১টার দিকে জাতীয় জরুরি সেবার হেল্পডেস্ক নম্বর ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি বই বিক্রির বিষয়টি জানান। সঙ্গে সঙ্গে হেল্পডেস্ক থেকে তাদের জানালে তাৎক্ষণিক পল্লবী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পল্লবীর সি ব্লকের ২ নম্বর সড়কের বাসায় যায়। সেখানে ওই শিক্ষিকা ও ভাঙ্গারি দোকানিকে আটক করা অবস্থায় পাওয়া যায়। এরপর তাদেরকে থানায় নিয়ে আসা হয়।

এসআই শাহরিয়ার বলেন, এলাকাবাসী বলেছেন বই বিক্রির সময় তারা ওই শিক্ষিকা ও ভাঙ্গারি দোকানিকে হাতেনাতে আটক করেন।

শিক্ষিকা কিসমত আরা পলি পুলিশকে বলেছেন, স্কুল থেকে তাদের নিয়মিত বেতন দেওয়া হয় না। পাশাপাশি স্কুলটির ওপরে টিনের চাল দিয়ে পানি পড়ে বইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এজন্য দুই বস্তা বই নিজের বাসায় নিয়ে রাখেন এবং ভাঙ্গারি দোকানির কাছে কেজি দরে বিক্রি করছিলেন।

এক প্রশ্নের জবাবে এসআই বলেন, আটক ভাঙ্গারি দোকানির দোকান মিরপুর ২ নম্বর সেকশন এলাকায়। আগেও ওই দোকানির কাছে বই বিক্রি করেছেন বলে স্বীকার করেছেন ওই শিক্ষিকা। দোকানিও আগে বই কেনার কথা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত