আওয়ামী শাসনামলে বিরোধী দলের প্রায় ২০ হাজার নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির মতে, আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ত্রসজ্জিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার মানুষ গুমের শিকার। আর সব মিলিয়ে প্রায় ২০ হাজার নেতাকর্মী আওয়ামী শাসনামলে হত্যার শিকার হয়েছেন।’
রিজভী অভিযোগ করে বলেন, ‘সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় গতকাল বুধবার রাত পৌনে ৮টায় যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা।’
তিনি বলেন, ‘আওয়ামী সন্ত্রাসী সেলিম ও মাসুদ নিজেদের অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে আকবর আলীকে। এই হত্যাকারীরা এলাকার আওয়ামী লীগের চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী। আকবর আলী সয়েদাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক। এই হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় এমপি ও আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদ রয়েছে।’
এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত এবং ঠান্ডা মাথার খুন আখ্যা দিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘নিজস্ব সন্ত্রাসীদের দ্বারা বিরোধী দল তথা বিএনপি নেতাকর্মীকে দুনিয়া থেকে বিদায় করা শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির নমুনা।’
তিনি বলেন, ‘সারাদেশেই জনপদের পর জনপদে আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ত্রসজ্জিত করা হয়েছে এবং উজ্জীবিত করা হয়েছে বিএনপিসহ বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে।’
‘আওয়ামী সন্ত্রাসীরা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী কেবলমাত্র সিরাজগঞ্জ জেলাতেই বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে ক্রসফায়ারে নির্বিচারে হত্যা করেছে’ অভিযোগ করেন রিজভী।
