শাবিপ্রবি সংকট: ‘হীরক ভিসির পতনগাঁথা’ প্রদর্শনী বিতর্কে চলছে আন্দোলন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে প্রতিদিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে ‘হীরক ভিসির পতনগাঁথা’ শীর্ষক প্রদর্শনী বিতর্কের আয়োজন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি ও ভিসি পদত্যাগের জন্য নানা যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

এ বিতর্ক আয়োজনের বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম মুখপাত্র শাহরিয়ার আবেদিন বলেন, বিশ্ববিদ্যালয় মুক্ত চর্চার কেন্দ্রবিন্দু। এখানে শিক্ষার্থীরা তাদের দাবি, চাওয়া পাওয়া, সমস্যা নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে সমাধান করে থাকে। এরই মূল চিত্র তুলে ধরতে এ প্রদর্শনী বিতর্কের আয়োজন করা হয়েছে।

এর আগে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শিক্ষার্থীরা। এছাড়া পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি নির্ধারণ নিয়েও আলোচনা করেন তারা।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এমনকি অনশন ভাঙার পরও অহিংস আন্দোলনের অংশ হিসেবে ক্যাম্পাসে গান, কবিতা, তথ্যচিত্র প্রদর্শনী, গীতি-আলেখ্য আয়োজন, টং চালুসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত