ডিজিটাল আইনের মামলা

হাইকোর্টে আগাম জামিন পেলেন ঢাবির শিক্ষক কার্জন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৭ এএম

ফেইসবুক পোস্টে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ তাকে আট সপ্তাহের আগাম জামিনের আদেশ দেয়।

আদেশে বলা হয়েছে, জামিনের এ সময় শেষে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। আদালতে হাফিজুর রহমান কার্জনের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পি। মামলাটি তদন্তের পর্যায়ে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সারওয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আট সপ্তাহ পর আত্মসমর্পণের শর্তে তাকে (হাফিজুর রহমান কার্জন) জামিন দিয়েছে হাইকোর্ট।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত