১৫ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ আদালতের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৮ এএম

নারায়ণগঞ্জ আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলা জেলা ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাউসার আহমেদ এ আদেশ দেন।

মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইশরাক হোসেন, দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, শহীদুল ইসলাম খান, মো. নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

এর আগে গত বছরের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাদ বেগমের আদালতে এ মামলার আবেদন করেন জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল। গতকাল আদালত মামলাটি গ্রহণ করে জেলা ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত