কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশালীনতার অভিযোগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে একটি সমঝোতা বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে হাসপাতালে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. মুমিনুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতিতে যায় ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মীর ম. ম. বিল্লাহ তকী বলেন, হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানকে নিয়ে সংঘটিত ঘটনা একটি সমঝোতা বৈঠকে সমাধান হয়েছে। তাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এ কারণে আমরা বিকেল থেকে কাজে যোগদান করেছি। জানা গেছে, গত বছর ২৬ নভেম্বর কক্সবাজার সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানিসহ অশালীন আচরণের অভিযোগ করেন ইন্টার্নরা। এতে মাহফুজুর রহমান ক্ষুব্ধ হয়ে অভিযোগকারীদের তিন মাসের বেতনভাতা ও এক্সটেনশন কেটে রাখার আদেশ জারি করেন। এর প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করেন ইন্টার্নরা।
