হিলিতে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে ৩ টাকা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৬ এএম

বাজারে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দেশের বাজারে আমদানি করা এই পণ্যটির চাহিদা কমলেও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় পাইকারিতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে ৩ টাকা করে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে।

সপ্তাহ আগে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২১-২২ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১৮-১৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৮-৩৯ টাকা থেকে কমে ৩৫-৩৬ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে তবে পরিমাণ কিছুটা বেড়েছে। আগে যেখানে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে তিন-পাঁচ ট্রাকে নেমেছিল এখন তা আট-দশ ট্রাকে দাঁড়িয়েছে।

গত বুধবার বন্দর দিয়ে আটটি ট্রাকে ২৩১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল সেখানে বৃহস্পতিবার ১০টি ট্রাকে ২৬৮ টন আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল তাই আমদানিকারকরা দ্রুত যেন বন্দর থেকে খালাস করে নিতে পারেন সে ব্যবস্থা নিয়ে রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত