কোচের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, তদন্ত করবে বিসিবি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ এএম

বাগেরহাটের উঠতি ক্রিকেটার মোহাম্মদ নাঈম স্থানীয় কোচ আবু তাহেরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তুলেছে। বাগেরহাট অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ দিতে সেই কোচ ৩০ হাজার টাকা দাবি করেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লিখিত অভিযোগও করে নাঈম। যা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

নাঈম এবং কোচ তাহেরকে শুনানিতে ডেকেছিল বিসিবি। শনিবার দুজনই বিসিবিতে উপস্থিত হন। বিসিবির বয়স ভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান ওবেদ রশিদ নিজাম বলেন, ‘বোর্ড বিষয়টি তদন্ত করবে এবং বিষয়টি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেবে।’

বাগেরহাট থেকে নির্বাচিত ১৫ ক্রিকেটারের নড়াইলে তিনটি ম্যাচ খেলবে। সেখান থেকে সেরা পারফরমাররা খুলনা বিভাগীয় দলে অনুশীলনের সুযোগ পাবে।

এর আগে নিজেদের মধ্যে দুটি ম্যাচ খেলার পর বাগেরহাটে ৩৫ জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা করা হয়। নাঈমের দাবি, সে দুই ম্যাচে ফিফটি করলেও কোচ তাহেরকে টাকা দিতে রাজি না হওয়ায় সে নির্বাচিত হয়নি।

মিরপুরে সাংবাদিকদের নাঈম বলেছেন, ‘কোচ আমার কাছে ৩০ হাজার টাকা ঘোষ চেয়েছিল। আমি বোর্ডকে ই-মেইল করেছি। আমি বোর্ডকে খেলা এবং নির্বাচন প্রক্রিয়া সব সবকিছু জানিয়েছি।’

নাঈম আরো বলেছেন, যারা কোচকে টাকা দিতে রাজি হয়েছে তাদেরকে নির্বাচিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত