পারফর্ম করছে বললে ঠিক হবে না: ইমরুলকে নিয়ে রাজ্জাক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৪ পিএম

ইমরুল কায়েসের সাম্প্রতিক ফর্ম ‘আপ টু দ্য মার্ক’ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক।

চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে ৬২ বলে অপরাজিত ৮১ রানের ইনিংসে আলোচনায় উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। দীর্ঘদিন ধরেই যিনি জাতীয় দলের বাইরে।

তবে আসছে আফগানিস্তান সিরিজে এই এক ইনিংস ইমরুলের জায়গা পাওয়ার জন্য যথেষ্ট নয়। কারণ তার সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেটিই বলছিলেন রাজ্জাক। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইমরুল গত ম্যাচটা ভালো খেলেছে। পারফরম্যান্স করছে, এটা বললে ঠিক হবে না। ও কিন্তু অনেক দিন ভালো খেলেনি।’

ব্যাখ্যা টেনে জাতীয় দলের সাবেক এই স্পিনার আরো বলেন, ‘আপনি জাতীয় লিগ থেকে যদি চিন্তা করেন, তাহলে কিন্তু ও ‘‘আপ টু দ্য মার্ক’’ না। কিন্তু আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ, খেলোয়াড়দের ভালো সময়-খারাপ সময় থাকবেই। আপনি (প্রশ্নকর্তা) যেহেতু বললেন পারফরম্যান্স করছে, তাই বললাম। গত ম্যাচে খুব ভালো খেলেছে সন্দেহাতীতভাবে।’

সম্প্রতি ঘরোয়া প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগ ও বিসিএলে তেমন সুবিধা করতে পারেননি ইমরুল। তবে বিসিএলের ওয়ানডে সংস্করণে তিন ইনিংসে ৫৫ গড় ও ৭৩ স্ট্রাইক রেটে ১৬৫ রান করে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৫ ম্যাচে করেছেন ১৩৫ রান।

২০১৯ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া দিবারাত্রির টেস্ট ম্যাচটি জাতীয় দলের হয়ে ইমরুলের সবশেষ ম্যাচ ম্যাচ হয়ে আছে।

বিপিএল শেষে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত