জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, নাম-ঠিকানা ও পরিচয়সহ গুম ও ভূমধ্যসাগরে মৃতদের পৃথক পৃথক তালিকা অবিলম্বে জাতির সামনে প্রকাশ করুন। গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
গুম এবং মৃত্যুকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে ব্যবহার না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আ স ম রব বলেন, ‘জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান গুমের তালিকায় যে নাম দিয়েছিল তাদের অনেকের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য গুমকে অস্বীকার করার নিষ্ঠুর কৌশল। মানুষের জীবনকে কেবলমাত্র জীবন রূপেই বিবেচনা করতে হবে, সরকারের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে নয়। সরকার এসব অভিযোগকে শুধু অপপ্রচার হিসেবে বিবেচনা করছে, অভিযোগের সত্যতা বা পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তা স্বীকার করছে না, যা ভয়ংকর বিপদ ডেকে আনবে।’
