সাংবাদিক নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৯ পিএম

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সাংবাদিক খোরশেদ আলম বাবুলের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শরীয়তপুরের কর্মরত গণমাধ্যম কর্মীরা।

সোমবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীয়তপুর প্রেস ক্লাব, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েসনসহ বিভিন্ন ব্যানারে এ মানববন্ধন করা হয়েছে।

এ সময় শরীয়তপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সাংবাদিকরা জানান, উপজেলার সখিপুরে থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মাল ও তার ভাই মিন্টু মালসহ তাদের বাহিনী সাংবাদিক বাবুলের ওপর অমানবিক হামলা করে তাকে গুরুতর আহত করেছেন।

এখন তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি।

হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন গণমাধ্যমকর্মীরা। এ ছাড়া প্রতিনিয়ত হামলার স্বীকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। তাই পুলিশ প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য প্রদান করে গণমাধ্যমকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত