ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৫ এএম

টাঙ্গাইলের মধুপুরে নিজ বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রবিবার রাতে কীটনাশক সেবন করে মারা যান ঢাবির চারুকলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী প্রীতম কুমার সিংহ ওরফে আকাশ (২১)। তবে এমন কোনো ঘটনার কথা জানা নেই বলে জানিয়েছে মধুপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, প্রীতম মধুপুর পৌরশহরের মাধবী হলের মালিক উত্তম কুমার সিংহের একমাত্র ছেলে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সে মধুপুরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

প্রীতমের পারিবারিক সূত্র জানায়, রবিবার মধ্যরাতে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) সেবন করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেই রাতেই ময়মনসিংহ নেওয়ার পথেই তার মৃত্যু হয়। গতকাল সোমবার দুপুরে মধুপুর কেন্দ্রীয় শ্মশানে তাকে দাহ করা হয়। এদিকে মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন বলেন, এমন কোনো ঘটনা তাদের জানা নেই। সাংবাদিকদের থেকেই তিনি শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত