ইনগ্রাম ঝড় থামিয়ে সাকিবদের আরো একটি দারুণ জয়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১ পিএম

বিপিএলে শুরু থেকেই দুর্দান্ত খেলে চলা সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল আরো একটি দারুণ জয় তুলে নিয়েছে।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১২ রানে হারিয়েছে বরিশাল।

২০০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কলিন ইনগ্রামের ঝড়ে দারুণভাবে এগোচ্ছিল সিলেট। তবে পার্টটাইম বোলার নাজমুল হোসেন শান্ত ইনগ্রামকে থামান। মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবুর শেষের চেষ্টা তাই কাজে আসেনি।

নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতল বরিশাল। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। সব মিলে ৯ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বরিশাল। অন্যদিকে এই হারের ফলে প্লে-অফের আশা শেষ হয়ে গেল সিলেটের।

আর এদিন আরো একবার ম্যাচসেরার স্বীকৃতি জুটল সাকিবের। টানা চার ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

এদিন ব্যাটিংয়ে ১৯ বলে ৩৮ রান করার পর বোলিংয়ে ২৩ রান খরচায় ২ উইকেট নেন সাকিব।

টস হেরে ব্যাট করতে নামা বরিশাল দুই উদ্বোধনী ব্যাটারের ব্যাটে দারুণ শুরু পায়। মুনিম শাহরিয়ার ও ক্রিস গেইল ৬.৪ ওভারেই ৭২ রান যোগ করেন। মুনিম ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন ৬ চার ও ৩ ছক্কায়। গেইল ৪৫ বলে ৪ চার ও ২ছক্কায় ৫২ রানে অপরাজিত থেকে যান। সাকিবের ১৯ বলে ৩৮ রানের সঙ্গে ব্রাভো ১৩ বলে অপরাজিত ৩৪ রানে করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে কলিন ইনগ্রাম ঝড় তোলেন। যে ঝড়ে জয়ের পথে ছিল সিলেট। ১৫তম ওভারে সেই ইনগ্রামকে থামান শান্ত।

৪৯ বলে ১৬ চার ও ১ছক্কায় ৯০ রান করেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৩১ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলা ইনগ্রাম।

শান্ত ইনগ্রামে ফেরানোর পরের বলে মিজানুর রহমানকেও (০) তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরে মোসাদ্দেক ও বাবু চেষ্টা করেও সিলেটকে জয় এনে দিতে পারেননি।

শেষ ওভারে ডোয়াইন ব্রাভোর শিকার হওয়া মোসাদ্দেক ২১ বলে ৩৪ রান করেন। বাবু ১২ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। বরিশালের পক্ষে সাকিব, ব্রাভো ও শান্ত পেয়েছেন ২টি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত