উইন্ডিজকে ৪৪ রানে হারিয়ে সিরিজ ভারতের

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৮ পিএম

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারাল ভারত। সুবাদে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই জিতে নিল দলটি।

আহমেদাবাদে বুধবার ভারতের দেওয়া ২৩৮ রান তাড়া করতে নেমে ৪ ওভার বাকি থাকতেই ১৯৩ রানে ‍গুটিয়ে যায় উইন্ডিজ। ২৫ বছর বয়সী স্বাগতিক পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ৯ ওভারে মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন।

সিরিজের প্রথম ওয়ানডে ৬ উইকেটে জিতেছিল ভারত। শুক্রবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর কলকাতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে উইন্ডিজ। টপ অর্ডারে বড় কোনো জুটি হয়নি। ৭৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলটি আর সেভাবে ঘুরে দাঁড়াতেও পারেনি।

শামরাহ ব্রুকস দলটির পক্ষে সর্বোচ্চ ৬৪ বলে ৪৪ রান করেন। আকিল হোসেন ৫২ বলে ৩৪ রান করেন। ওদিয়ান স্মিথের ব্যাট থেকে আসে ২০ বলে ২৪ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ভারতের শুরুটাও ভালো ছিল না। দলীয় ৯ রানেই অধিনায়ক রোহিত শর্মাকে (৫) হারায় দলটি। দলীয় ৩৯ রানে ফিরেন আরেক ওপেনার রিশভ পন্ত (১৮)।

চাপের মুখ থেকে দলকে বার করে আনেন লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেটে দুজনের মধ্যে ৯১ রানের জুটি হয়। ব্যক্তিগত ৪৯ রানের মাথায় রানআউট হয়ে যান রাহুল।

তবে সূর্যকুমার ফিফটি তুলে নেন। ৮৩ বলে দলীয় সর্বোচ্চ ৬৪ রান করেন ৫ চারে। রান পান দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দর। হুডা ২৯ ও সুন্দর ২৪ রান করেন। সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রান করতে পারে ভারত।

ক্যারিবীয়দের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও ওদিয়ান স্মিথ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত