ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ-প্রিঁ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন নাফিসা তাবাসসুম। বৃহস্পতিবার আসরের দ্বিতীয় দিনে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন এই নারী শুটার।
বাছাইয়ে ৬২৩.২ স্কোর করে ১৯ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হয়ে সেরা আটজনের সেমিফাইনাল নিশ্চিত করেন নাফিসা। এরপর তিনি পদকের লড়াইয়ে জায়গা করে নেন প্রথম সেমিতে দ্বিতীয় সেরা হয়ে। ৩৭ স্কোর করে চারজনের মধ্যে তৃতীয় হন ২২ বছর বয়সী নাফিসা।
নারীদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ৪৯ স্কোর করে সোনা জিতেছেন রোমানিয়ার প্রতিযোগী লুরা-জর্জিটা ইলি। রুপা উঠেছে ভারতের খাইরুন্নিসা সালসাবেলার হাতে। তার স্কোর ৪৫.৫।
তবে এই ইভেন্টের পুরুষ বিভাগে হতাশ হতে হয় বাংলাদেশকে। শোভন চৌধুরী ও রাব্বি হাসান মুন্না থেমেছেন সেমিফাইনালে। এই ইভেন্টে সোনা জিতেছেন থাইল্যান্ডের শুটার নাপিস তোরতুংপানিচ এবং স্বাগতিক ইন্দোনেশিয়ার শুটার গুসতাফিয়ান ফাতুর জিতেছেন রুপা।
