সরকারি ও রাজনৈতিক সুবিধাভোগীদের দিয়ে ইসি গঠন নয়: বিশিষ্টজনরা

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩০ পিএম

নির্বাচন কমিশন গঠনে সরকার ও রাজনৈতিক দলের সুবিধাভোগী কারও নাম না দিতে সার্চ কমিটিকে প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শেষে গণমাধ্যমকে তারা এ কথা জানান।

বিশিষ্টজনরা বলেন, যারা বিভিন্ন সরকারের সময় সুবিধাভোগী ও সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের নির্বাচন কমিশনে যাতে নিয়োগ না দেওয়া হয়।

এছাড়া নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ জনের নাম যাতে প্রকাশ করা হয়, সেই আহ্বান জানিয়েছেন তারা।

এর আগে বেলা ১১টার দিকে প্রথম ধাপে বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির সদস্যরা বৈঠকে বসেন। এই ধাপে ২০ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

তারা হলেন- সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, মুনসুরুল হক চৌধুরী, ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, এম কে রহমান, ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাকসুদ কামাল, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মাহফুজা খানম, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদ আলী।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

আইন অনুযায়ী, এই সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য যোগ্য দশজনের নাম প্রস্তাব করবে। সেই নাম থেকে পাঁচজনকে বেছে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন ত্রয়োদশ নির্বাচন কমিশন। সেই ইসির ওপরই থাকবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের ভার।

সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী আইন পাসের পর গত ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে দেন।  নাম প্রস্তাব করার জন্য সার্চ কমিটিকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে আইনে। তার আগেই ১৪ ফেব্রুয়ারি পূর্ণ হচ্ছে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত