প্রথম সংসারে ফিরে না আসায় মোছা. রানী আক্তারকে (২৫) ছুরিকাঘাত করেছেন সাবেক স্বামী।
শনিবার সকাল ১০টার দিকে নেত্রকোনা পৌরশহরের সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মোজাম্মেল হক (৩৫) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কলুঙ্কা গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগীর সম্পর্কে মামাতো ভাই ও প্রথম স্বামী ছিলেন।
ভুক্তভোগীর ছোট বোন ত্বন্নী আক্তার বলেন, ‘আমার বড় বোনকে (রানী আক্তার) গত শুক্রবার তার দ্বিতীয় স্বামী নেত্রকোনায় রেখে যান। আজ (শনিবার) আমরা সকলে অসুস্থ বাবাকে দেখার জন্য গ্রামের বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল। বড় বোনের সাবেক স্বামী মোজাম্মেল হক কিছুই করতো না। আমার বোন ঢাকায় সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করে তাকে (সাবেক ভগ্নিপতি) চালাতো। দীর্ঘ ১৪ বছর সংসার করে আমার বোন নিজেই তাকে ডিভোর্স দেন। তাদের কোনো সন্তান ছিল না।
গত তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করার পর আত্মীয়-স্বজনের চাপে আমরা ও আমাদের পরিবারের পক্ষ থেকে বড় বোনকে (রানী আক্তার) আগের সংসারে ফিরে যাওয়ার জন্য অনুরোধ ও চেষ্টা করি। তাতে রানী কখনো রাজি হয়নি।
‘নেত্রকোনা আসার খবর জানতে পেরে মোজ্জাম্মেল হক সাবেক স্ত্রীকে ফিরে নেওয়ার চেষ্টা করে। তাতে রানী আক্তার অস্বীকৃতি জানালে তাকে ছুরি দিয়ে পিঠে, গলায় ও কানের নিচে ছুরিকাঘাত করে।’
নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী মমেক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক জানতে পেরেছি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
