বাজারে আসার আগেই সিলেটে উৎপাদিত বিশ্বের সবচেয়ে দামি চা ‘গোল্ডেন বেঙ্গলের’ স্বাদ নিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আরব আমিরাত সফররত পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এই চায়ের আগাম উদ্বোধন করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
চলতি বছরের মে মাসে বিশ্বের সবচেয়ে দামি এই চা বাজারে আসবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান 'লন্ডন টি এক্সচেঞ্জ' প্রতি কেজি চায়ের দাম নির্ধারণ করেছে ১৪ লাখ পাউন্ড। বাংলাদেশি টাকার হিসেবে যা প্রায় সাড়ে ১৬ কোটি টাকা।
বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান ১০৩ ব্রিক লেন, লন্ডনে অবস্থিত লন্ডন টি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী অলিউর রহমান এই চায়ের নামকরণের ক্ষেত্রে বেছে নিয়েছেন বাংলাদেশের জাতীয় সংগীতকে। সেখান থেকেই গোল্ডেন বেঙ্গল বা সোনার বাংলা নামটি বাছাই করা হয়েছে।
শনিবার লন্ডন টি এক্সচেঞ্জের ফেসবুক পেজেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এই চা পানের একটি ভিডিও পোস্ট করা হয়।
পোস্টে লেখা হয়, আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে চা পরিবেশন করতে পেরে সম্মানিত বোধ করছি। তিনি বিশ্বের সবচেয়ে দামি চা ‘গোল্ডেন বেঙ্গল টি’র স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। চমৎকার এই চা ২০২২ সালের মে মাসে বিক্রি করা শুরু হবে এই ঘোষণা দিতে পেরে আমরা খুবই উত্তেজিত।
চা পান করে পররাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায় ‘...এই চায়ের চমৎকার সুবাস রয়েছে’।
জানা গেছে, ব্ল্যাক টিয়ের মতো হলেও স্বচ্ছ পেয়ালায় পরিবেশন করলে এই চা সোনালি রঙ ধারণ করবে। বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত এই চা প্রস্তুত করতে সময় লেগেছে প্রায় সাড়ে চার বছর। ৯০০ কেজি উৎপাদিত চা পাতা থেকে মাত্র এক কেজি পাতা বাছাই করে প্রতিটি পাতায় ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দিয়ে এই চা তৈরি হয়েছে।
