এবারও এইচএসসি পরীক্ষায় দেশের ১২ ক্যাডেট কলেজ সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে। এবার এইচএসসি পরীক্ষায় ১২ ক্যাডেট কলেজের সর্বমোট ৬২১ পরীক্ষার্থীর মধ্যে ৬২১ জনই জিপিএ-৫ পেয়েছে; অর্থাৎ পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির হার শতভাগ।
সংশ্লিষ্টরা জানান, অন্যান্য পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষায় সাফল্যের পেছনে রয়েছে সুশৃংখল ক্যাডেটদের অধ্যাবসায়, নিয়মিত পড়াশোনা এবং আন্তরিক প্রচেষ্টা। এ ছাড়া ক্যাডেট কলেজগুলোর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্য, কর্মকর্তা এবং কলেজে কর্মরত সব শ্রেণীর ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। সফলতার পেছনে অভিভাবকদের অবদানও অপরিসীম।
রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং চৌকষ ও সুনাগরিক হিসেবে ক্যাডেটদের গড়ে তোলা ক্যাডেট কলেজগুলোর লক্ষ্য। এ জন্য ক্যাডেটদের রুটিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমকে সমান গুরুত্ব দেওয়া হয়। কলেজ থেকে শিক্ষা লাভের পর প্রতিটি ক্যাডেট যেন বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে এ জন্য ক্যাডেট কলেজে প্রতিনিয়ত নতুন নতুন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সংযুক্ত হচ্ছে। শুধু ভালো ছাত্র নয় বরং সুনাগরিক এবং একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই ক্যাডেট কলেজের উদ্দেশ্য।
উল্লেখ্য, ১৯৫৮ সালে প্রথম ক্যাডেট কলেজ চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ক্যাডেট কলেজগুলো বিভিন্ন পরীক্ষায় ধারাবাহিকভাবে অত্যন্ত সফলতার সঙ্গে ফলাফলের শীর্ষে অবস্থান করে আসছে।
