টিকটকে ‘অশ্লীল ভিডিও’ করতে বাধা দেয়ায় গৃহবধূকে মারধর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবককে টিকটকে অশ্লীল ভিডিও ধারণ করতে বাধা দেয়ায় দুই সন্তানের জননী এক গৃহবধূকে (৩৮) মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই গৃহবধূর ছেলে ও মেয়েকেও মারধর করা হয়।

রবিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। গুরুতর আহত ওই গৃহবধূকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, সকাল থেকে একই এলাকার আসলাম ও বেল্লাল নামের দুই যুবক এক তরুণীকে নিয়ে তার বাড়ির সামনে নানা ভঙ্গিতে অশ্লীল ভিডিও ধারণ করছিল। এতে বাধা দিলেও আমলে নেয়নি ওই দুই যুবক। পরে তার ছেলে ভিডিও করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায় আসলাম এবং বেল্লাল।

তিনি আরও জানান, এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাকে বেধড়ক মারধর করেন তারা। দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে এগিয়ে এলে তাকেও টিকটকাররা মারধর করেন।

অভিযোগের বিষয়ে টিকটকার আসলাম জানান, ‘রাগ ভাঙাতে খালাতো বোন আমার সঙ্গে টিকটক করেছিল। টিকটক করা কোনো অপরাধ নয়। ওই গৃহবধূর সঙ্গে কোনো ঝামেলা হয়নি। যা হয়েছে তার ছেলের সঙ্গে হয়েছে।’

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইকবাল হোসেন বলেন, গৃহবধূর ডান চোখের ওপরে ও কপালে আঘাতের চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে তাকে চোখের চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত