আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৭ পিএম

চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও আন্ধারমুহা গুচ্ছগ্রামের সভাপতি আইয়ুব আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার দুপুরে চিরিরবন্দর উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন শেষে শতাধিক ভুক্তভোগীর স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকার বরাবর দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য দেন আন্ধারমুহা গুচ্ছগ্রামের বাসিন্দা আকবর আলী, আইয়ুব আলী, মোজাম্মেল হোসেন প্রমুখ।

ইউএনওকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, আন্ধারমুহা গুচ্ছগ্রাম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বিভিন্ন সময়ে ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে গুচ্ছগ্রামের অসহায় ৫০টির অধিক পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তিনি একই আশ্রয়ণ প্রকল্পের ৭টি বাড়ি দখল করে রেখেছেন। কথামতো টাকা না দিলে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দেন তিনি। সভাপতি আইয়ুব আলী গুচ্ছগ্রামের বেশিরভাগ গাছ কেটে বিক্রি করে দিয়েছেন। গুচ্ছগ্রামের সরকারি দুটি ঘর দখল করে মুরগির খামার তৈরি করেছেন। ফলে আশপাশের গুচ্ছগ্রামের বাসিন্দাদের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। মুজিববর্ষ উপলক্ষে দেওয়া সরকারের উপহারের ৫টি বাড়ি নিজের ও তার সন্তানদের নামে বরাদ্দ নিয়ে বসবাস করছেন। এছাড়া বিধবাভাতা, ভিজিএফএর চাল দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কৃষক আনিছুর রহমানকে ঘর রেজিস্ট্রি করে দেওয়া হবে বলে ৬ হাজার টাকা, ভ্যানচালক জবেদ আলীকে ঘর দেওয়ার কথা বলে ৫ হাজার টাকা, প্রতিবন্ধী চকো বেগমকে নতুন করে ঘর দেওয়ার কথা বলে সাড়ে ১৬ হাজার টাকা, ভ্যানচালক রবিউলকে ঘর দেওয়ার কথা বলে ৩ হাজার টাকা, রবিউলের বোন সালমার কাছ থেকে ৭ হাজার টাকা, এনামুলের কাছ থেকে ২ হাজার টাকা, মনসুরা বেগমের কাছ থেকে সাড়ে ৪ হাজার টাকাসহ গুচ্ছগ্রামের প্রায় ৫০টি পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন আইয়ুব আলী। তার এসব অপকর্মের বিষয়ে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন ধরনের হুমকি-ধমকির শিকার হতে হয়।

অভিযোগের বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গুচ্ছগ্রামের সভাপতি আইয়ুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জানান, আইয়ুব আলীর বিরুদ্ধে একটি অভিযোগ আমার অফিসে জমা হয়েছে। বিষয়টির তদন্ত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত