বাঙালির কাছে অবসর, আড্ডা বা অপেক্ষার সময়ের অন্যতম সঙ্গী চা। তবে কালের বিবর্তনে আড্ডায় চা আর এখন শুধু বিনোদনের সঙ্গী নয়, স্বাস্থ্যসচেতনতার জায়গাও দখল করেছে। সেই বিবেচনায় দিন দিন জনপ্রিয় হচ্ছে গ্রিন-টি। ওজন কমানো থেকে রক্তে শর্করার নিয়ন্ত্রণ, হজমে সাহায্য এবং কোলেস্টেরল কমাতে ম্যাজিকের মতো কাজ করে গ্রিন-টি। এর অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান অসুখও সারায়। জেনে রাখুন গ্রিন-টির কিছু গুণ
ওজন কমায় : মেটাবলিজমের মাত্রা বাড়িয়ে দ্রুত ফ্যাট ঝরাতে সাহায্য করে গ্রিন-টি। এতে থাকা পলিফেনল ও ফ্লাভেনয়েডের মতো অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
কোলেস্টেরলের ভারসাম্য তৈরি করে : আমাদের শরীরে দুই ধরনের লাইপোপ্রোটিন থাকে, যা কোলেস্টেরল সারা শরীরে পৌঁছে দেয়। একটা হলো লো-ডেনসিটি লাইপোপ্রোটিন (এলডিএল), যাকে খারাপ কোলেস্টেরল বলা হয়। অন্যটা, হাই-ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচডিএল), যাকে ভালো কোলেস্টেরল বলে। যদি শরীরে এলডিএলের পরিমাণ বেড়ে যায় তাহলে নানা রোগ শুরু করে। হার্ট ফেলিওরের সম্ভাবনা বেড়ে যায়। গ্রিন-টি রক্ত চলাচল স্বাভাবিক রাখতে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর ফলে দেহের হৃদরোগের আশঙ্কা কমে।
গলার সংক্রমণ কমায় : গ্রিন-টির মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট মুখের ভেতরের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে মুখে দুর্গন্ধ কম হয়। আশঙ্কা কমে গলার সংক্রমণেরও।
অবসাদ দূরে রাখে : অবসাদ দূর করতে গ্রিন-টি অত্যন্ত কার্যকর। এর মধ্যে থাকা ‘থায়ানিন’ নামক অ্যামাইনো অ্যাসিড অবসাদ, স্ট্রেস দূর করতে সাহায্য করে।
