সুষ্ঠু নির্বাচনে আ.লীগ সরকার ব্যর্থ : ফখরুল

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৫ এএম

সুষ্ঠু নির্বাচন গ্রহণ ও দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই দায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভানেত্রী শেখ হাসিনার। তারা কোনোভাবে এই ব্যর্থতার দায় এড়াতে পারেন না।

গতকাল রবিবার সকালে শহরের ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সার্চ কমিটিতে অংশগ্রহণ না করলে মামলা হবে কি নাÑ এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘কোনো ধারণা নেই তাদের আইন সম্পর্কে। রাজনৈতিক দলের ওপর কোনো বাধাবাধ্যকতা থাকতে পারে না। অন্য দলের সিদ্ধান্তের বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারেন না।’

এই সার্চ কমিটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘শুধু সার্চ কমিটি নয়, নির্বাচন কমিশন গঠনের বিষয়ে কোনো প্রক্রিয়াতেই আমরা থাকব না। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না এটা পরীক্ষিত সত্য। তাই এই সার্চ কমিটি সম্পর্কে আমাদের কোনো আগ্রহ নেই।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দলের অন্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত