ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওপেনার উইল জ্যাকসকে পায়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাতেও বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে বড় সংগ্রহ আটকায়নি আফিফ হোসেনদের।
সোমবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে চাদউইক ওয়ালটনের বিধ্বংসী ফিফটিতে ৫ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপদে পড়েছিল তারা।
ওপেনার জাকির হোসেনকে গোল্ডেন ডাক উপহার দেন খালেদ আহমেদ। অধিনায়ক আফিফকে (৩) ফেরান রুয়েল মিয়া। এরপর আরেক ওপেনার কেনার লুইসকে (৩৯) নিয়ে ৩৮ রানের জুটি গড়েন ওয়ালটন।
দলীয় ৬৫ রানে চতুর্থ উইকেট হিসেবে ফেরেন শামীম হোসেন (১০)। এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ৫৮ বলে ১১৫ রানের জুটি গড়েন ওয়ালটন। ৪৪ বলে ৭ চার ও ৭ ছয়ে ৮৯ রানে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার।
খালেদের দ্বিতীয় শিকার হিসেবে মিরাজ বোল্ড হন ব্যক্তিগত ৩৬ রানে। বেনি হাওয়েল অপরাজিত ছিলেন ৮ রানে।
