ভালোবাসা দিবসে বুম্বা-ঋতুর চমক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৪ এএম

ভালোবাসা দিবসে বিয়ের খবর দিলেন কলকাতার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিখ্যাত নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে নাকি তার বিয়ে! গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই বিয়ের আমন্ত্রণপত্র। ইন্সটাগ্রামে সেটি পোস্ট করেছেন স্বয়ং পাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেখানে লেখা, ‘সবিনয় নিবেদন, মহাশয়/মহাশয়া, বিগত তিন দশকের বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামী দিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণপত্রের ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়েসম্পর্কিত যেকোনো ধরনের তথ্যের জন্য কোনো রকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

শুরুতে ধাক্কা খেলেও একপর্যায়ে আঁচ করা গেল ঘটনা। প্রসেনজিতের ব্যবস্থাপক মোহর আর শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্তের টিমের সঙ্গে যুক্ত। বিয়ের ঘটকালি করছেন প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। ঘটনা হচ্ছে, প্রসেনজিৎ-ঋতুপর্ণা আবার জুটি বাঁধছেন নতুন ছবিতে। সেই ছবির এমন অভিনব ঘোষণা। ছবিটির পরিচালক সম্রাট শর্মা। শিগগিরই শ্যুটিং শুরু হবে ছবিটির।

প্রায় দেড় দশক পর শিবপ্রসাদ-নন্দিতার ‘প্রাক্তন’ ছবির মধ্য দিয়ে পর্দায় ফিরেছিলেন জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ (২০১৮) ছবিতে একসঙ্গে কাজ করেন। ভালোবাসা দিবসে এমন অভিনব এক চমকে চোখ কপালে উঠেছিল এ জুটির ভক্তদের। নতুন লুকে চমকে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমন রূপে আগে কখনোই দেখা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত