ইন্দোনেশিয়ার জাকার্তায় চলমান আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন (আইএসএসএফ) গ্রাঁ প্রিতে ছেলেদের দলগত ইভেন্টে ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে এই ইভেন্টে অংশ নেন শোভন চৌধুরী, রাব্বি হাসান ও ইউসুফ আলী। এর আগে গত শনিবার একই দল ছেলেদের দলগত ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশকে রুপা এনে দেন।
সিঙ্গাপুরকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। শোভন, রাব্বি ও ইউসুফের সম্মিলিত স্কোর ছিল ১৭ পয়েন্ট। আর সিঙ্গাপুরের সি জুন রেন, মারাত লেটন ভেলোসো ও তিয়ানরুই গাইয়ের স্কোর দাঁড়ায় ১৫ পয়েন্ট।
এর আগে টুর্নামেন্টে ১০ মিটার এয়ার রাইফেলের ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের মেয়ে নাফিসা তাবাসসুম। এরপর ইউসুফ আলীর সঙ্গে জুটি গড়ে মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ জেতেন তিনি।
এ ছাড়া নাফিসা তাবাসসুম, সৈয়দা আতকিয়া হাসান ও সাজিদা হককে নিয়ে গড়া বাংলাদেশ মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ব্রোঞ্জ জেতে। টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ ১টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতেছে।
