খুলনার কয়রা উপজেলার তিন খুনের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতদের পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত হাবিবুল্লাহর মেজো ভাই মফিজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তিনি মামলাটির নিরপেক্ষ তদন্তের জন্য সিআইডি বা পিবিআইয়ের কাছে হস্তান্তরের দাবি জানান।
২০২১ সালের ২৬ অক্টোবর সকালে কয়রা উপজেলার বামিয়া গ্রামের মাজেদ গাজীর বাড়ির পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় হাবিবুল্লাহ, তার স্ত্রী বিউটি খাতুন ও তাদের মেয়ে হাবিবা খাতুন টুনির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা কোহিনুর খানম বাদী হয়ে কয়রা থানায় হত্যা মামলা করেন।
