জানালায় (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ তিনদিন ধরে মালয়েশিয়ায় আটকে আছে।
বিমানের ফ্লাইট অপারেশন বিভাগ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ১২৬ জন যাত্রী নিয়ে একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
মঙ্গলবার সকালে অবতরণের পর পাইলট ক্যাপ্টেন সাখাওয়াত হোসেন উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখতে পান।
বিষয়টি ঢাকায় বিমান কর্তৃপক্ষকে জানানোর পর সেটি মেরামতের জন্য এয়ারপোর্টে রেখে দেওয়া হয়।
পরে কুয়ালালামপুর থেকে উড়োজাহাজটির মঙ্গলবারের ফিরতি ফ্লাইট বাতিল করা হয় এবং এতে ভোগান্তির শিকার হন ১৪৬ জন যাত্রী।
তবে, কুয়ালালামপুরে পাঠানো আরেকটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে গত রাতে আটকে পড়া যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
উইন্ডশিল্ড মেরামতে বিশেষ ফ্লাইটে বিমানের প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি মালয়েশিয়া পাঠানো হয়।
