ঢাকার কেরানীগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জিনজিরা বাস রোড এলাকায় এ ঘটনায় পুলিশসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি নিপুণ রায়ের নেতৃত্বে জিনজিরা বিএনপি ক্লাবে সংবাদ সম্মেলন শেষে শতাধিক নেতাকর্মী সড়কে অবস্থান নেয়। নেতাকর্মীরা নিপুণ রায়ের ওপর ছাত্রলীগ নেতাকর্মীর হামলার প্রতিবাদে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ তাদের সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে না সরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর নেতাকর্মীরা অলিগলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।
নিপুণ রায় বলেন, কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নূরুর অসুস্থ মাকে দেখতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে জিনজিরার পার্টি অফিসে সংবাদ সম্মেলন করে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের পেছন থেকে লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
তবে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই বিএনপি নেতাকর্মীরা জিনজিরা বাস রোডে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে ওঠাতে চাইলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে সেখান থেকে নেতাকর্মীদের সরিয়ে রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে।
