শরীয়তপুরের সদর উপজেলায় বাসের ধাক্কায় মফিজ হাওলাদার (৫০) নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। দুর্ঘটনার পর ঘাতক বাস নিয়ে পালিয়ে গেছেন চালক।
রবিবার বিকেলে উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার স্ট্যান্ডে রহমান মোল্লার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ হাওলাদার সদর উপজেলার চরচিকন্দি গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে।
আহতরা হলেন- ওই গ্রামের সাগর আকন (১৮), সোবাহান মাদবর (৫০), জাজিরা উপজেলার শাহিন শেখ (৩৮), ভেদরগঞ্জ উপজেলার সাজনপুরের আনিছ উদ্দিন ছৈয়াল (৬০) ও গোসাইরহাট উপজেলার ধীপুরের রাসেল ব্যাপারী (৩৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর সদর থেকে জাজিরা মঙ্গলমাঝির ঘাটগামী বাসটি নসিমনকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মফিজ। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
