নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে-ছুরিকাঘাতে হত্যা, আটক ৪

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় রবিন (১৮) নামে এক যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফতুল্লা থানার মুসলিম নগর নয়াবাজারস্থ ওয়ালাটন শোরুমের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুন্না (১৭), মো. শাওন (১৭), অনিক (১৭) ও বিল্লাল (৪০) নামক ৪ জনকে আটক করেছে।

নিহত রবিন ফতুল্লা থানার মুসলিম নগর নয়াবাজার এলাকার ঈমান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রবিনসহ বেশ কয়েকজন নয়াবাজার ওয়ালটন শোরুমের সামনে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১৭/১৮ বছর বয়সীদের একটি দল চায়ের দোকান থেকে রবিনকে রাস্তায় নিয়ে যায়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তাদের সঙ্গে রবিনের তর্ক হয়।

একপর্যায়ে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর পিঠে ছুরিকাঘাত করে। পরে রবিনকে উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান রবিন।

রবিনের চাচা মনির হোসেন জানান, কি নিয়ে কার সঙ্গে বিরোধ হয়েছে তা কিছুই জানি না। খবর পেয়ে হাসপাতালে এসে রবিনের মৃতদেহ দেখেছি। রবিন তার বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান।

তার ছোট দুই বোন রয়েছে। তিনি ফতুল্লার শাসনগাও এলাকায় বিসিক নগরীতে তার মামা শাহিনের খাবার হোটেলে কাজ করেন। বিকেলে দেখেছি মাঠে সমবয়সী ছেলেদের সঙ্গে খেলা করছেন রবিন।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনি এসেছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক ৪ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত