চট্টগ্রামে বৈদেশিক ডাকে ইতালি থেকে গৃহস্থালি পণ্যের চালানের আড়ালে আসা দুটি পিস্তল ও ৬০ গুলি উদ্ধারের ঘটনায় ‘প্রাপক’ সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মজুমদার কামরুল হাসান।
গতকাল সোমবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে ডবলমুরিং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কামরুল হাসান চট্টগ্রামে কর অঞ্চল-১-এর একজন অফিস সহকারী হিসেবে কর্মরত। তার বাসা নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিজিএস কলোনিতে।
নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ খান সাংবাদিকদের বলেন, বিদেশি ডাকে আসা অস্ত্র উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মামলা করেন চট্টগ্রাম কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন। ওই মামলায় কামরুল হাসানকে হালিশহর আই-ব্লক খালপাড় এলাকার শ^শুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত রবিবার চট্টগ্রাম কাস্টম হাউজে গৃহস্থালি ও প্রসাধনী সামগ্রীর একটি বৈদেশিক ডাকে আসা কার্টন থেকে ইতালিতে তৈরি দুটি স্বয়ংক্রিয় পিস্তল ও ৬০ রাউন্ড কার্তুজ আটক করা হয়।
ওই চালানে দুটি খেলনা পিস্তলের সঙ্গে কয়েক প্যাকেট কার্তুজ আকৃতির ছোট প্লাস্টিকের বলও ছিল। চালানে প্রাপকের ঠিকানা লেখা ছিল ডবলমুরিং থানা এলাকার সিজিএস কলোনি।
ওই চালানটি ইতালি থেকে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশি রাজীব বড়–য়া। এ ঘটনায় করা মামলায় রাজীবকেও আসামি করা হয়েছে।
