টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নেপাল সরকার (৩৬) নামে এক মেকানিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নেপাল সরকার ওই ইউনিয়নের বান্ধাচালা গ্রামের মহেশ সরকারের ছেলে। তিনি বান্ধাচালা বাজারে টিভির মেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, নেপাল ভোরবেলা তার ছোট ভাই পলাশকে গোড়াই কাশেম ড্রাইসেল মিলে নামিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। চানপুর ব্রিজের দক্ষিণ পাশে অজ্ঞাত ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
