বিদ্যুৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন বিএ.২, বাড়ছে হৃদরোগ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩২ পিএম

ক্রমেই বিভিন্ন দেশে করোনা বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের দাবি, এভাবে বিধিতে শিথিলতা বিপদও ডেকে আনতে পারে ভবিষ্যতে। কারণ হু হু করে ছড়িয়ে পড়ছে ওমিক্রন বিএ.২। কোভিডের ওমিক্রন ধরনের এই উপ-ধরন তড়িৎ গতিতে ছড়িয়ে পড়া নিয়ে ইতিমধ্যেই সাবধান করেছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, কোভিডের জেরে সবচেয়ে বিধ্বস্ত দেশ এই মুহূর্তে ভারত ও আমেরিকা। আর এই দুই দেশেই কোভিড বিধি খানিকটা শিথিল হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকায় ধীরে ধীরে ওমিক্রনের তীব্রতা বাড়ছে। গত মাসের তুলনায় সেখানে চলতি মাসে ওমিক্রন বিএ.২-এ আক্রান্ত বেড়েছে। কোভিডের আসল ধরনের চেয়ে এই উপ-ধরন ৩০% দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এই দাবি করা হয়েছে এক গবেষণায়, যা প্রকাশিত হয়েছে ন্যাশনাল পাবলিক রেডিওতে।

ওমিক্রন নির্ভর কোভিডের দ্বিতীয় স্রোত ইতিমধ্যেই আছড়ে পড়তে শুরু করেছে। আর তার মূল হোথা ওমিক্রনের উপ-ধরন ওমিক্রন বিএ.২। ইতিমধ্যেই এই উপ-ধরন হানা দিয়েছে দক্ষিণ আফ্রিকার মতো দেশে। একইভাবে ওমিক্রনের এই উপ-ধরন মার্কিন যুক্তরাষ্ট্রকেও ব্যাপকভাবে উদ্বেগে রাখতে শুরু করেছে। সেখানে সংক্রমণের ৩.৯ শতাংশ আপাতত এই উপধরনের বলে জানা যাচ্ছে।

এদিকে নেচার পত্রিকায় উঠে এসেছে আরও একটি গবেষণার তথ্য। সেখানে কোভিডের প্রভাবে স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। গবেষণায় দেওয়া তথ্যে বলা হচ্ছে যে, কোভিডের ফলে ক্রমাগত বাড়ছে হৃদরোগ সংক্রান্ত সমস্যা।

হৃদরোগ ইস্যুতে কোভিড পরবর্তী সময়ে বহু রোগীই নানান স্বাস্থ্য জটিলতার মধ্যে পড়ে যাচ্ছেন। তথ্যের নিরিখে দেখা যাচ্ছে, ধীরে ধীরে হৃদরোগ বেড়ে যেতে পারে আসন্ন সময়ে। ১,৫৩,০০০ বয়স্ক আমেরিকানের কোভিড পরবর্তী সময়ে হৃদরোগজনিত সমস্যা দেখা দিয়েছে।

গবেষণার আশঙ্কা, আগামী দিনে আরও বেশি সংখ্যায় বেড়ে যেতে পারে কোভিডের জেরে হৃদরোগ সংক্রান্ত জটিলতা। সাম্প্রতিককালে একটি জাপানিজ ল্যাবরেটরিতে হওয়া গবেষণা জানাচ্ছে, ওমিক্রন বিএ.২ আরও বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে যেমন তেমনই এই উপ-ধরন আরও বেশি গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে। এই গবেষণাকে গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত