স্বাধীন, সার্বভৌম ইউক্রেনে রাশিয়ার হামলা নিন্দনীয়: গণ অধিকার পরিষদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৭ পিএম

স্বাধীন, সার্বভৌম দেশ ইউক্রেনে রাশিয়ার হামলা ও আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুর।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে এই দুই নেতা বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুনিয়াকে একশ বছর পেছনে ঠেলে দিয়ে, ক্ষুদ্র ও সামরিক শক্তিতে দুর্বল রাষ্ট্রসমূহের নিরাপত্তাকে বিপন্ন করে অসভ্যতার রাজত্ব কায়েম করতে নেমেছেন। যা কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য নয়। রাশিয়ার এমন আগ্রাসন স্বাধীন দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতো আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ মূলনীতির সুস্পষ্ট লঙ্ঘন।  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যের মতো গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিশ্বশান্তির প্রতি দেশটির যে প্রতিশ্রুতি প্রত্যাশিত ছিল, তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর নামান্তর।

গণ অধিকার পরিষদ মনে করে, সামরিক আগ্রাসন চালিয়ে রাশিয়া ইউক্রেন দখল করে নিয়েছে। সেখানে মানবজীবন বিপন্ন হয়ে পড়েছে, প্রাণহানি ঘটছে, দেশটির অবকাঠামো ও সম্পদ ধ্বংস করা হচ্ছে। বিশ্ববাসীর চোখের সামনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্লজ্জ ভাবে একটি স্বাধীন, সার্বভৌম দেশকে অপমানিত, পরাস্ত ও পদানত করছেন। মানব ইতিহাসের এই যুগে এমন বর্বরতা ঘটতে পারে বলে কেউ ইতিপূর্বে ভাবতেও পারেনি।

এ ছাড়া, রাশিয়ার জনগণকে শান্তিপ্রিয় বিশ্ববাসীর সঙ্গে থেকে আগ্রাসী ও কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোও আহ্বান জানায় গণ অধিকার পরিষদ।

তারা আরও বলেন, আমরা মানবতা বিরোধী এই অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাশিয়ার কাছে এই দখলদারির অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ইউক্রেনে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মুক্তবিশ্ব কর্তৃক রাশিয়ার বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক অবরোধের সঙ্গে পরিপূর্ণ একাত্মতা ঘোষণা করার বাংলাদেশ সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত