আগের দিন খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কোচ রাসেল ডমিঙ্গো তাই এখন বেশ সুখী মানুষ।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন, ডমিঙ্গোকে খুব নির্ভারই মনে হচ্ছিল।
তবে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচ বা শুক্রবার হতে যাওয়া দ্বিতীয় ম্যাচের বাইরেও তাকে প্রশ্ন করা হয়। সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা প্রসঙ্গে প্রশ্ন উঠলে ডমিঙ্গো বলেন, স্কোয়াডের বাইরের কাউকে নিয়ে তার আগ্রহ নেই।
ডমিঙ্গোর কথায়, ‘এখন স্কোয়াডে নেই, এমন খেলোয়াড়দের নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। বাইরের মানুষ কী বলে, কী করে তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, স্যার। আমার মনোযোগ আমার দল, পরিবার ও কাজে। এর বাইরে কোনো কিছুতে মনোযোগ নেই।’
গত অক্টোবরে রাসেল ডমিঙ্গো ও তার কোচিং প্যানেলের কড়া সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন মাশরাফী।
এ ছাড়া এক সাক্ষাৎকারে মাশরাফী বলেছিলেন, ডমিঙ্গো তার সঙ্গে আলোচনার জন্য কফির দাওয়াত দিয়ে রেখেছেন। তার ক্যারিয়ার নিয়ে আলোচনার জন্য। কিন্তু আজো সেই দাওয়াতের অপেক্ষায় আছেন বলে জানান মাশরাফী।
এ নিয়ে প্রশ্ন করা হলে প্রথমেই ডমিঙ্গো বলেন, ‘শুরুতেই বলি, মাশরাফী কি এখনো অবসর নিয়েছে।’ এরপরই বলে দেন, জাতীয় দলের বাইরের কাউকে নিয়ে তার ওই আগ্রহ না থাকার কথা।
